প্রচ্ছদ পদ্মা সেতু পদ্মা সেতুর পরীক্ষামূলক পিচঢালাইয়ের কাজ শুরু

পদ্মা সেতুর পরীক্ষামূলক পিচঢালাইয়ের কাজ শুরু

0
24
পদ্মা সেতুর পরীক্ষামূলক পিচঢালাইয়ের কাজ শুরু

প্রকাশিত: বুধবার, ১৪ জুলাই ২০২১ইং।। ৩০শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)৩রা জিলহজ্জ, ১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পদ্মা সেতুর সড়কপথে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৪১-তম স্প্যানে পরীক্ষামূলক পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।  কাজ করছে প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। দ্রুত এগিয়ে চলেছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ। হয়তো আর খুব বেশি দেরি নেই, যে দিন আমরা এই সেতু দিয়ে যাতায়াত শুরু করবো। কারণ এরইমধ্যে সেতুর সড়কপথে শুরু হয়েছে পিচঢালাইয়ের (কার্পেটিং) কাজ। জাজিরা প্রান্তের ৪১ নম্বর স্প্যান থেকে ৩৭ নম্বর স্প্যান পর্যন্ত বসানো হয়েছে রোডওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং রোড ডিভাইডার।

মঙ্গলবার (১৩ জুলাই) সেতুর ৪০ নম্বর স্প্যানের ওপরের সড়কে পিচ ঢালাইয়ে কাজ শুরু হয়েছে। এর আগে এই স্প্যানের ওপরের সড়কে ১০ মিটার প্রস্থ এবং ৬০ মিটার দৈর্ঘ্যের ওয়াটারপ্রুফ মেমব্রেন বিছানো হয়েছিল। তার ওপরের পিচ ঢালাই করা হচ্ছে।

বুধবার (১৪ জুলাই) পিচ ঢালাইয়ের বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রথম দিনে সেতুর ৬০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থ অংশের পিচঢালাইয়ের কাজ করা হয়েছে। সেতুর কাজ শেষের পথে এখন। সড়কপথে পিচঢালাই কাজ শুরু হয়েছে। পিচঢালাই শেষ হলেই গাড়ি চলতে পারবে।

এ দিকে পদ্মা সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজও শেষের দিকে। শেষ ধাপে দুইটি স্প্যানের ওপর রোডওয়ে স্ল্যাব বসানো বাকি আছে। বতর্মানে ১০ নম্বর স্প্যানের ওপর রোডওয়ে স্ল্যাব বসানো চলছে। এই স্প্যানের ৮০ শতাংশেরও বেশি জায়গায় রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে। এই স্প্যানে এই পর্যন্ত ৩৬টি স্ল্যাব বসেছে। এরপর ১১ ও ১২ নম্বর স্প্যানে স্ল্যাব বসানো সম্পন্ন হবে সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। এর আগে গত ২০ জুন শেষ হয়েছে পদ্মা সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ।

তড়িৎ গতিতে পদ্মা সেতুর কাজ শেষ করার জন্য বিভিন্ন ধাপে কাজ চলছে। এই কাজের বড় একটা অংশ হচ্ছে রোডওয়ে স্ল্যাব বসানো, সেতুর দুই পাশে সেতুতে ওঠার ও নামার পথ তৈরি, প্যারাপেট ওয়াল, রোড ডিভাইডার, গ্যাস লাইন স্থাপন, রেললাইনের জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং নদী শাসনের কাজ।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।২০২২ সালের জুন মাসের মধ্যেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে ২০২০ সালের ১০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।        

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!