প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ৮ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক : হজের খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে জোহর ও আসরের নামাজ পড়েন তারা। এর আগে এদিন ৩ টা ২০ মিনিটের দিকে হজের খুতবা শুরু হয়।
আরাফা ময়দানের নামিরাহ মসজিদ থেকে খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। এ নিয়ে টানা সপ্তম বারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হলো।
এ বছর খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে ছিলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন।
আরবি বর্ষপঞ্জি অনুসারে সৌদিতে আজ ৯ জিলহজ। এটি পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবেও পরিচিত। ঐতিহাসিক এই ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দেগি আর দোয়া মোনাজাতে মশগুল হাজিরা। এদিন সকাল থেকে তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’।
সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফার ময়দানের উদ্দেশে রওনা করেন। এই ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হন এই পবিত্র প্রান্তরে।
আজ সৌদির স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। বুধবার (স্থানীয় তারিখ ১০ জিলহজ) পশু কুরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































