
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ঠা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৩ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি শ্রেণি আছে, একটি মহল আছে, যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়। অস্থিতিশীল করার চক্রান্তকারী সেই গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের ভবিষ্যতের গণতান্ত্রিক অভিযাত্রাকে নষ্ট করতে চায়। আমাদের নির্বাচনী প্রক্রিয়া কে তারা ব্যাহত করতে চায়।
গতকাল শুক্রবার বিকেল ৬ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া এলাকায় নাগরিক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দু’চারটি দল গজিয়েছে। তারা আ’লীগের ওই এজেন্টদের, দুষ্কৃতিকারীদের আশ্রয় দিচ্ছে। আমরা সেটি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা আ’লীগকে পুনর্বাসন করতে চায়। তারা যেই হোক, তাদের সঙ্গে কোনো ওঠাবসা নয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতাউর রহমান খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদল নেতা মোশারফ হোসেন নসুসহ বিএনপির কয়েকশতাধিক নেতাকর্মী।
উপজেলা শিমুলিয়াঘাটে অবৈধ ইজারা বন্ধের ব্যাপারে ড.আসাদুজ্জামান বলেন, শিমুলিয়া ঘাটে কোন ফেরিঘাট নেই। নৌ মন্ত্রণালয়ের ব্যবসা-বাণিজ্য করার মতো এখানে কিছু নেই। অথচ ঘাটে যেসব হোটেল রয়েছে, সেখান থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা ইজারার নামে আদায় করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই শিমুলিয়া ঘাটে বেসরকারি জায়গায় যে সকল হোটেল, খাবারের দোকান রয়েছে, কোন ইজারাদার অথবা তাঁর এজেন্টরা যদি ইজারার নামে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসময় তিনি স্থানীয় ও ব্যবসায়ীদের এসব চাঁদাবাজদের চাঁদা না দিয়ে প্রতিহত করার নির্দেশ দেন। কিছুদিন আগেই নৌ উপদেষ্টা সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছি।তিনি বলেছেন কোনভাবেই বেসরকারি এসব প্রতিষ্ঠান থেকে টাকা তোলা যাবে না।
শিমুলিয়া ঘাটে পার্কিং থেকে টাকা তোলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, দর্শনার্থী দূর দূরান্ত থেকে এখানে নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন।ঘুরতে আসেন। ইজারাদার নামের চাঁদাবাজরা সেসব দর্শনার্থীদের কাছ থেকে মোটরসাইকেল ও গাড়ি টোল আদায় করছে। এভাবে টাকা তোলা অবৈধ।তাই ঘাটের ইজারা বাতিল করতে হবে। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র দুর্নীতিগ্রস্ত পোর্ট কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। এদিন মানববন্ধন শেষে হলদিয়া বাজার থেকে শুরু করে পদযাত্রা করা হয়।পদযাত্রাটি হলদিয়া স্কুল হয়ে পুনরায় বাজারে গিয়ে শেষ হয়
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































