প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।। ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১৪ জমাদিউস সানি, ১৪৪৮ হিজরী।
বিক্রমপুর খবর:নিজস্ব প্রতিবেদক: ইতিহাস-ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখে মুগ্ধ পুলিশ কর্মকর্তারা, কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে ১৩ জন এএসপিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন। ৩০ থেকে ৩৫ সদস্যের এই দলে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা জাদুঘরের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত বিক্রমপুরের প্রাচীন ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকজ ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন মূল্যবান ঐতিহাসিক সামগ্রী সম্পর্কে তাঁরা আগ্রহের সঙ্গে খোঁজখবর নেন। সমৃদ্ধ সংগ্রহ ও সুপরিকল্পিতভাবে সাজানো গ্যালারি দেখে তাঁরা মুগ্ধ হন এবং বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর কর্তৃপক্ষের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বিক্রমপুর জাদুঘর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুরে অবস্থিত।সামাজিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কতৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এ আঞ্চলিক জাদুঘরটি বিক্রমপুরের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নসম্পদ, মনীষীদের জীবন ও কর্ম এবং এ অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন বিক্রমপুরের সমৃদ্ধ অতীতের এক মূল্যবান তথ্যভান্ডার।
পরিদর্শন শেষে বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ জেলা পুলিশের পুরো প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ব্যস্ততার মধ্যেও এত আগ্রহ ও আন্তরিকতা নিয়ে কষ্ট করে জাদুঘর পরিদর্শনে আসায় তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের পরিদর্শন বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে উৎসাহ জোগাবে।
বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য উদ্যোগ
বিক্রমপুর জাদুঘর এর কিউরেটর নাছির উদ্দিন আহমেদ আরো বলেন, বিক্রমপুর জাদুঘর শুধু একটি প্রদর্শনশালা নয়; এটি প্রাচীন বিক্রমপুরের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, সভ্যতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মনীষীদের স্মৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুরে সাবেক জমিদার যদুনাথ রায়ের ঐতিহাসিক বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা এ জাদুঘর ২০১৩ সালের ২৮ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিক্রমপুরের হারিয়ে যাওয়া ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র এবং বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক সংগ্রহ ও সংরক্ষণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে গবেষক, লেখক ও বিক্রমপুর জাদুঘরের কিউরেটর নাছির উদ্দিন আহমেদ জুয়েল বলেন, বিক্রমপুর শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও অসংখ্য মনীষীর জন্মভূমি। তিনি বলেন, এই জনপদের গৌরবময় ইতিহাস ও কৃতী ব্যক্তিত্বদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিক্রমপুর জাদুঘর নিরন্তর গবেষণা ও সংগ্রহের কাজ করে যাচ্ছে এবং জাদুঘরে একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে।
তাঁর ভাষায়, তেলিরবাগ গ্রামে দুর্গামোহন দাশের পৈতৃক বাড়ি ও দাশ পরিবারের ইতিহাস সংরক্ষণ করা গেলে সরলা রায়সহ এই পরিবারের অন্যান্য কৃতী ব্যক্তিত্বের সঙ্গে বিক্রমপুরের সম্পর্ক আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে। ###
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































