প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১৩ জমাদিউস সানি, ১৪৪৮ হিজরী।
বিক্রমপুর খবর: নারীশিক্ষা ও সমাজসংস্কারের অগ্রদূত, আচার্য জগদীশচন্দ্র বসুর সহধর্মিণী
নাছির উদ্দিন আহমেদ জুয়েল

গবেষক, লেখক ও বিক্রমপুর জাদুঘরের কিউরেটর
বাংলার নারীজাগরণ, নারীশিক্ষা ও সমাজসংস্কারের ইতিহাসে যে কজন মহীয়সী নারী নিজেদের কর্ম ও আদর্শ দিয়ে স্মরণীয় হয়ে আছেন, তাঁদের মধ্যে অন্যতম লেডি অবলা বসু। তিনি শুধু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর সহধর্মিণী ছিলেন না; নিজের মেধা, মনন, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং নারীশিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্যও ইতিহাসে স্বতন্ত্র স্থান অধিকার করে আছেন। তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশের ঐতিহাসিক জনপদ বিক্রমপুরের বর্তমানে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তেলিরবাগ গ্রামের দাশ পরিবারে।
জন্ম ও পারিবারিক পরিচয়
অবলা বসুর জন্ম ১৮৬৪ সালের ৮ আগস্ট। তাঁর পিতা ছিলেন ব্রাহ্মসমাজের বিশিষ্ট নেতা, সমাজসংস্কারক ও আইনজীবী দুর্গামোহন দাশ এবং মাতা ব্রহ্মময়ী দেবী। তাঁদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে, বর্তমান বর্তমানে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার তেলিরবাগ গ্রামে।
দুর্গামোহন দাশ ছিলেন উনিশ শতকের বাংলার সমাজসংস্কার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বিধবাবিবাহ, নারীশিক্ষা, নারীর অধিকার ও সামাজিক কুসংস্কার দূরীকরণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর পরিবারে নারীশিক্ষা ও মানবিক মূল্যবোধের যে পরিবেশ গড়ে উঠেছিল, তা অবলা বসুর চিন্তাভাবনা ও কর্মজীবনকে গভীরভাবে প্রভাবিত করে।
অবলা বসু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জ্ঞাতি-সম্পর্কের আত্মীয়া। একই বিক্রমপুরের তেলিরবাগের দাশ পরিবারের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক বাংলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়।
শিক্ষাজীবন ও চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের উদ্যোগ
ছোটবেলা থেকেই অবলা ছিলেন মেধাবী ও অধ্যয়নপ্রিয়। তিনি কলকাতার বঙ্গ মহিলা বিদ্যালয় এবং বেথুন স্কুলে পড়াশোনা করেন। ১৮৮১ সালে বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন।
তৎকালীন সমাজব্যবস্থায় নারীদের উচ্চশিক্ষা গ্রহণ ছিল অত্যন্ত কঠিন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও কলকাতা মেডিকেল কলেজে নারী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ না থাকায় তাঁকে বাধার সম্মুখীন হতে হয়। পরবর্তী সময়ে সরকারি বৃত্তি নিয়ে তিনি মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হন। শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত চিকিৎসাশাস্ত্রের পাঠ সম্পন্ন করতে পারেননি।
তবুও তাঁর এই উদ্যোগ তৎকালীন বাঙালি নারীদের উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।
আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে বিবাহ
১৮৮৭ সালের ২৭ ফেব্রুয়ারি অবলা দাশের সঙ্গে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর বিবাহ হয়। বিবাহের পর তিনি অবলা বসু নামে পরিচিত হন। ১৯১৬ সালে জগদীশচন্দ্র বসু নাইট উপাধি লাভ করলে অবলা বসু পরিচিত হন ‘লেডি অবলা বসু’ নামে।
জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানসাধনা, গবেষণা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রে অবলা ছিলেন তাঁর একান্ত সহযাত্রী। স্বামীর সঙ্গে তিনি ইউরোপ, আমেরিকা ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এসব ভ্রমণে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা ও নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।
জগদীশচন্দ্রের গবেষণার পাশাপাশি অবলা নিজের জীবনকে নারীশিক্ষা ও সমাজকল্যাণে নিবেদিত করেন।
নারীশিক্ষা ও সমাজসংস্কারে অবদান
অবলা বসুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নারীশিক্ষার প্রসার। তিনি উপলব্ধি করেছিলেন, নারীর প্রকৃত মুক্তি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার প্রধান উপায় হচ্ছে শিক্ষা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা।
১৯১০ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের সম্পাদিকার দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম উন্নত করা, মেয়েদের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক শিক্ষাপদ্ধতির প্রসারে তিনি বিশেষ ভূমিকা রাখেন।
১৯১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নারীশিক্ষা সমিতি’। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলার বিভিন্ন অঞ্চলে মেয়েদের প্রাথমিক শিক্ষা, বয়স্ক নারীদের শিক্ষা এবং বিধবা ও অসহায় নারীদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
নারীশিক্ষা সমিতির মাধ্যমে তাঁর জীবদ্দশায় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলে বহু প্রাথমিক বিদ্যালয় ও বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। সমিতির নিজস্ব তথ্য অনুযায়ী, তাঁর উদ্যোগে প্রায় ২৭৫টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল।
১৯২৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘বিদ্যাসাগর বাণী ভবন’, যেখানে বিধবা ও অসহায় নারীদের শিক্ষা এবং শিক্ষিকা হিসেবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
এ ছাড়া নারীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য ‘মহিলা শিল্পভবন’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এসব উদ্যোগের মূল লক্ষ্য ছিল নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজে তাঁদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও দাশ পরিবারের ঐতিহ্য
বিক্রমপুরের তেলিরবাগের দাশ পরিবার বাংলার নবজাগরণ, রাজনীতি, সমাজসংস্কার ও শিক্ষার ইতিহাসে বিশেষভাবে পরিচিত। এই পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন দুর্গামোহন দাশ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, সরলা রায়সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
অবলা বসুর পারিবারিক সম্পর্কের সূত্রে এই ঐতিহ্যবাহী পরিবারের ইতিহাসে তাঁর অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, নারীশিক্ষা সমিতির প্রতিষ্ঠাকালীন পরিষদে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ তৎকালীন বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব যুক্ত ছিলেন।
বিক্রমপুরের সঙ্গে অবলা বসুর সম্পর্ক
অবলা বসুর জন্ম বরিশালে হলেও তাঁর পৈতৃক পরিচয় বিক্রমপুরের তেলিরবাগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর পিতা দুর্গামোহন দাশের জন্ম ও পারিবারিক শিকড় ছিল এই ঐতিহাসিক জনপদে।
বর্তমান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার তেলিরবাগ একসময় দাশ পরিবারের ঐতিহ্যবাহী আবাসভূমি ছিল। পদ্মার ভাঙন ও নদীভাঙনের ফলে গ্রামটির ঐতিহাসিক ভূপ্রকৃতির অনেক পরিবর্তন ঘটেছে। এই জনপদ থেকেই বাংলার সমাজসংস্কার, শিক্ষা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বহু ব্যক্তিত্বের উত্থান ঘটেছে।
অবলা বসুর স্বামী আচার্য জগদীশচন্দ্র বসুর পৈতৃক নিবাসও বিক্রমপুরের রাঢ়িখালে। ফলে অবলা ও জগদীশচন্দ্র—দুজনের জীবনেই বিক্রমপুরের সঙ্গে পারিবারিক ও ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।
মৃত্যু ও উত্তরাধিকার
১৯৫১ সালের ২৫ এপ্রিল (কিছু সূত্রে ২৬ এপ্রিল) কলকাতায় লেডি অবলা বসুর জীবনাবসান ঘটে।
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলার নারীশিক্ষা ও সমাজসেবার ইতিহাসের এক নিবেদিতপ্রাণ কর্মীর জীবনাবসান হলেও তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, শিক্ষাদর্শ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
বিক্রমপুরের গৌরবময় ইতিহাসে লেডি অবলা বসু
বিক্রমপুরের ইতিহাস শুধু রাজা, জমিদার, রাজনীতিবিদ কিংবা বিজ্ঞানীদের ইতিহাস নয়; এই জনপদ থেকে উঠে আসা সমাজসংস্কারক ও মহীয়সী নারীরাও বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। লেডি অবলা বসু তাঁদের অন্যতম।
তিনি ছিলেন এমন এক নারী, যিনি নিজের উচ্চশিক্ষার স্বপ্নে বাধা পেয়েও অন্য নারীদের শিক্ষার পথ তৈরি করেছিলেন। বিধবা, অসহায় ও অবহেলিত নারীদের পাশে দাঁড়িয়ে তাঁদের আত্মমর্যাদা ও স্বনির্ভরতার পথ দেখিয়েছিলেন।
আচার্য জগদীশচন্দ্র বসুর সহধর্মিণী হিসেবে তাঁর পরিচিতি থাকলেও অবলা বসুর নিজস্ব কর্মময় জীবন তাঁকে ইতিহাসে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।
বিক্রমপুরেরইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আমাদের অঙ্গীকার
বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ জেলা) শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও অসংখ্য মনীষীর জন্মভূমি। এই জনপদের গৌরবময়ইতিহাস ও কৃতী ব্যক্তিত্বদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “বিক্রমপুরজাদুঘর” নিরন্তর গবেষণা ও সংগ্রহের কাজ করে যাচ্ছে। জাদুঘরেবিক্রমপুরের কৃতী ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে।সেখানে মনীষীর পরিচিতি ও অবদান প্রতিনিয়ত সংযোজন করছি।আমাদের লক্ষ্য—বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ও কৃতী সন্তানদেরস্মৃতি সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আপনাকেও “বিক্রমপুর জাদুঘরে” আমন্ত্রণ জানাচ্ছি এক ছাদের নিচে সম্রগ্র বিক্রমপুর কে দেখতে।
তাঁর পৈতৃক শিকড়ছিল বিক্রমপুরে। সেই বিক্রমপুরের মানুষের কাছে তিনি শুধু ভারতের স্বাধীনতাআন্দোলনের একজন মহান নেতা নন, তিনি আমাদের ইতিহাস ও ঐতিহ্যেরও গর্বিত অংশ।আজকের বিভক্ত, সংঘাতময় ও অসহিষ্ণু পৃথিবীতে দেশবন্ধুর জীবনাদর্শ আরও বেশিপ্রাসঙ্গিক।
বিক্রমপুরের তেলিরবাগের দাশ পরিবারের এই কন্যার জীবন ও কর্ম বাংলার নারীজাগরণ এবং সমাজসংস্কারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিক্রমপুরের কৃতী সন্তানদের ইতিহাসে লেডি অবলা বসু শুধু একটি নাম নন; তিনি নারীশিক্ষা, মানবিকতা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল ইতিহাস।
নাছির উদ্দিন আহমেদ জুয়েল
কিউরেটর, বিক্রমপুর জাদুঘর
সম্পাদক ও প্রকাশক, বিক্রমপুর খবর।
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬ ইং
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































