প্রকাশিত:শনিবার,১২ অক্টোবর ২০১৯ ইং ।। ২৭শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : লৌহজংয় প্রতিনিধি : লৌহজংয়ে পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯টি ট্রলার পদ্মায় ডুবিয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা হয়েছে আরো তিনটি ট্রলার। আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ৫০ হাজার মিটার কারেন্ট জাল। এছাড়াও ইলিশ কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে ৮৮ হাজার পাঁচশ টাকা জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, শুক্রবার দিবাগত রাতে লৌহজংয়ের পদ্মায় অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. কাবিরুল ইসলাম খান,বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী ও লৌহজং থানা পুলিশ।
মো. ইদ্রিস তালুকদার আরো জানান,এ সময় পদ্মায় বিভিন্ন পয়েন্ট হতে মা ইলশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১২টি ট্রলার ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল। এছাড়া ইলিশ কিনতে আসা ক্রেতাদের নিকট থেকে ৮৮ হাজার পাঁচশ টাকাও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাবিরুল ইসলাম খান শনিবার সকালে আটককৃতদের এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। জব্ধ করা ১২টি ট্রলারের ৯টি ট্রলার বিনষ্ট করে পদ্মায় ডুবিয়ে দেওয়া হয়। বাকি তিনটি ট্রলার জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ১০ জেলেরা হচ্ছেন,লৌহজংয়ের বড় নওপাড়া গ্রামের কৃষ্ণ রাজ বংশীর ছেলে টুটুল রাজবংশী (১৮),একই গ্রামের যোগেশ রাজবংশীর ছেলে লিঙ্কন রাজবংশী (১৮), মৃত ইরি সাধন রাজবংশীর ছেলে জয়রাম রাজবংশী (৫০),মৃত আব্দুল রাজ্জাক মোল্লার ছেলে মো. আনোয়ার হোসেন (২৬),মালির অংক গ্রামের মো. মজিবর ঢালীর ছেলে স্বপন ঢালী (৩০),একই গ্রামের মজিবর রহমানের ছেলে মো. আমির হোসেন (৩০),মো. জব্বর মৃধার ছেলে নাহিদ মৃধা (৩৫), মৃত মো. বারেক মোড়লের ছেলে মো. স্বপন মোড়ল (৮৮),শামুরবাড়ীর মৃত জবেদ আলী চোকিদারের ছেলে আব্দুল জলির চৌকিদার (৪৮) এবং সুন্দিসার গ্রামের কিমিক আলী গাজীর ছেলে সোহেল গাজী (৩০)।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান বলেন, দেশর অর্থকরী সম্পদ মা ইলিশ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।














































