প্রচ্ছদ ইতিহাসের এই দিনে বিক্রমপুরের কৃতী সন্তান আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকী আজ

বিক্রমপুরের কৃতী সন্তান আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকী আজ

0
0
বিক্রমপুরের কৃতী সন্তান আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১২ জমাদিউস সানি, ১৪৪৮ হিজরী।

বিক্রমপুর খবর: নিউজ ডেস্ক : ময়মনসিংহে জন্ম, বিক্রমপুরে পিতৃপুরুষের শিকড়—বিশ্ববিজ্ঞানের ইতিহাসে বাঙালির এক উজ্জ্বল নক্ষত্র

নাছির উদ্দিন আহমেদ জুয়েল

 নাছির উদ্দিন আহমেদ জুয়েল     

গবেষক ও লেখক কিউরেটর, বিক্রমপুর জাদুঘর

 বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞান ও বেতারতরঙ্গ গবেষণার পথিকৃৎ আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর ভারতের তৎকালীন বিহারের গিরিডিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই মহান বিজ্ঞানী। তাঁর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। জন্ম ময়মনসিংহে হলেও তাঁর পিতৃপুরুষের আদি নিবাস ছিল বর্তমান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখালে। সেই সূত্রে তিনি বিক্রমপুরের কৃতী সন্তান হিসেবে পরিচিত।

পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বিজ্ঞানশিক্ষা ও বাংলা বিজ্ঞানসাহিত্যে তাঁর অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না; ছিলেন গবেষক, শিক্ষক, সাহিত্যিক এবং দেশীয় বিজ্ঞানচর্চার প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণের অন্যতম অগ্রদূত।

বিক্রমপুরের রাঢ়িখালের সঙ্গে তাঁর পারিবারিক ও পৈতৃক সম্পর্ক, পিতার চাকরিজীবনের সূত্রে ময়মনসিংহে জন্ম, পরিবারের সদস্যদের পরিচয়, শিক্ষা ও কর্মজীবন এবং জীবনের শেষ দিনগুলোর ইতিহাস—সব মিলিয়ে জগদীশচন্দ্র বসুর জীবন বাঙালির ইতিহাসে এক অসাধারণ অধ্যায়।

জন্ম, পিতৃপরিচয় ও বিক্রমপুরের আদি নিবাস

জগদীশচন্দ্র বসুর পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজহিতৈষী ও ব্রিটিশ সরকারের কর্মকর্তা। তাঁর মাতা বামাসুন্দরী দেবী। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের রাঢ়িখাল গ্রামে। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রাঢ়িখাল ইউনিয়নে এবং রাঢ়িখাল গ্রামে।

বাংলাপিডিয়া ও রয়্যাল সোসাইটির জীবনীসংক্রান্ত নথিতে জগদীশচন্দ্রের জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে বলে উল্লেখ রয়েছে। তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ময়মনসিংহের জিলা স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তী সময়ে তিনি ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

পিতার চাকরির সূত্রে বসু পরিবার ময়মনসিংহে বসবাস করত। সেখানেই জন্ম হয় জগদীশচন্দ্রের। পরে ভগবানচন্দ্র ফরিদপুরে বদলি হলে পরিবারটি সেখানে চলে যায়।

জগদীশচন্দ্রের জীবনে পিতার শিক্ষাদর্শন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় উচ্চবিত্ত পরিবারের সন্তানদের ইংরেজি স্কুলে পড়ানোকে আভিজাত্যের প্রতীক মনে করা হতো। কিন্তু ভগবানচন্দ্র ছেলেকে প্রথমে বাংলা মাধ্যমে পড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর বিশ্বাস ছিল, ইংরেজি শেখার আগে সন্তানকে নিজের ভাষা, সংস্কৃতি ও দেশের সাধারণ মানুষের জীবন সম্পর্কে জানতে হবে।

ফরিদপুরের বাংলা স্কুলে পড়ার সময় তাঁর সহপাঠী ছিল পিতার মুসলিম পরিচারকের ছেলে এবং এক জেলের ছেলে। ১৯১৫ সালে বিক্রমপুর সম্মেলনে সভাপতির ভাষণে জগদীশচন্দ্র নিজেই শৈশবের এই অভিজ্ঞতার কথা স্মরণ করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁদের কাছ থেকেই পাখি, পশু ও জলজ প্রাণীর নানা গল্প শুনে প্রকৃতির রহস্য জানার আগ্রহ তৈরি হয়েছিল।

মায়ের উদার মানবিকতার কথাও তিনি স্মরণ করেন। সহপাঠীরা ভিন্ন ধর্ম ও সামাজিক পরিচয়ের হলেও তাঁর মা সবাইকে নিজের সন্তানের মতো খাবার খাওয়াতেন।

এই বক্তব্য শুধু তাঁর শৈশবের স্মৃতিই নয়; বিক্রমপুরের মানবিক, অসাম্প্রদায়িক ও উদার সামাজিক ঐতিহ্যেরও এক মূল্যবান দলিল।

ভাই-বোন ও পারিবারিক পরিচিতি

পারিবারিক জীবনীসংক্রান্ত বিবরণে জগদীশচন্দ্র বসুর পাঁচ বোন ও এক ছোট ভাইয়ের কথা পাওয়া যায়। ছোট ভাই জ্যোতিষচন্দ্র বসু অল্প বয়সে, প্রায় ১০ বছর বয়সে মারা যান বলে উল্লেখ রয়েছে।

তাঁর পাঁচ বোনের নাম—

১। স্বর্ণপ্রভা বসু

২। লাবণ্যপ্রভা বসু

৩। হেমপ্রভা বসু

৪। সুবর্ণপ্রভা বসু

৫। চারুপ্রভা বসু।

তাঁর পরিবারের সঙ্গে তৎকালীন বাংলার শিক্ষা, সমাজসংস্কার ও সাহিত্যজগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বৈবাহিক ও পারিবারিক সম্পর্ক ছিল।

স্বর্ণপ্রভা বসু ও আনন্দমোহন বসু: জগদীশচন্দ্রের বোন স্বর্ণপ্রভার সঙ্গে ব্রাহ্ম নেতা, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আনন্দমোহন বসুর বিবাহ হয়। আনন্দমোহন বসুর পৈতৃক নিবাস ছিল কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামে। তাঁর নামেই ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ।

লাবণ্যপ্রভা বসু: তিনি ছিলেন একজন বিদুষী নারী ও সাহিত্যচর্চাকারী। শিশু-কিশোরদের পত্রিকা মুকুল-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। আনন্দমোহন বসুর জীবন ও কর্ম নিয়ে তাঁর রচনার কথাও জীবনীমূলক বিবরণে পাওয়া যায়। বিয়ের পর তাঁর নাম হয় লাবণ্যপ্রভা সরকার।

হেমপ্রভা বসু: উচ্চশিক্ষিত নারী হিসেবে তাঁর পরিচিতি ছিল। তিনি এমএ ডিগ্রি অর্জন করে বেথুন কলেজে অধ্যাপনা করেন বলে পারিবারিক বিবরণে উল্লেখ রয়েছে।

সুবর্ণপ্রভা বসু: তাঁর সঙ্গে আনন্দমোহন বসুর ছোট ভাই চিকিৎসক মোহিনীমোহন বসুর বিবাহ হয়। তাঁদের সন্তান দেবেন্দ্রমোহন বসু পরবর্তী সময়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী হন। জগদীশচন্দ্রের মৃত্যুর পর তিনি বসু বিজ্ঞান মন্দিরের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন বলে জীবনীতে উল্লেখ রয়েছে।

 শিক্ষাজীবন: বাংলা স্কুল থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

জগদীশচন্দ্রের শিক্ষাজীবন শুরু হয় ফরিদপুরের বাংলা স্কুলে। পরে কলকাতায় এসে তিনি হেয়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজে পড়াশোনা করেন।

১৮৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৭৯ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে বিএ পাস করেন।

১৮৮০ সালে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। প্রথমে চিকিৎসাবিজ্ঞান পড়ার চেষ্টা করলেও শারীরিক অসুস্থতার কারণে তা ছেড়ে দেন। পরে কেমব্রিজের ক্রাইস্টস কলেজে প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে ভর্তি হন। একই সঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞানশিক্ষা গ্রহণ করেন।

১৮৮৪ সালে কেমব্রিজের ন্যাচারাল সায়েন্স ট্রাইপস এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ডিগ্রি অর্জন করেন।

১৮৮৫ সালে দেশে ফিরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখান থেকেই তাঁর গবেষণামূলক কর্মজীবনের সূচনা।

প্রেসিডেন্সি কলেজে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ

প্রেসিডেন্সি কলেজে যোগদানের পর তাঁকে ইউরোপীয় অধ্যাপকদের তুলনায় অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর প্রতিবাদে তিনি দীর্ঘদিন বেতন গ্রহণ না করেই অধ্যাপনা চালিয়ে যান।

তাঁর দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নতি স্বীকার করে। তাঁকে বকেয়া বেতন প্রদান করা হয় এবং বেতনবৈষম্য দূর করা হয়।

সীমিত সুযোগ-সুবিধা ও গবেষণাগারের অভাবের মধ্যেও তিনি নিজ উদ্যোগে গবেষণার যন্ত্রপাতি তৈরি করেন। তাঁর এই অধ্যবসায় ভারতীয় বিজ্ঞানীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে।

বেতারতরঙ্গ ও আধুনিক প্রযুক্তিতে তাঁর অবদান

জগদীশচন্দ্র বসুর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ১৮৯৫ সালে কলকাতার টাউন হলে তিনি তারবিহীনভাবে সংকেত প্রেরণের পরীক্ষা প্রদর্শন করেন।

তিনি প্রায় পাঁচ মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি ও তার বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন। তাঁর উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন ও অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করা সম্ভব হয়েছিল।

এই গবেষণার ফলাফল পরবর্তী সময়ে মাইক্রোওয়েভ প্রযুক্তি, রাডার এবং বেতার যোগাযোগের উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

তাঁর গবেষণাকে ভিত্তি করে একসময় ইউরোপের বিজ্ঞানীমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। লন্ডনের রয়্যাল সোসাইটির গবেষণা সাময়িকীতে তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়। ১৮৯৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় তাঁকে ডিএসসি ডিগ্রি প্রদান করে।

উদ্ভিদের প্রাণ ও ক্রেস্কোগ্রাফ আবিষ্কার

জগদীশচন্দ্র বসুর আরেকটি অসাধারণ অবদান উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া নিয়ে গবেষণা।

তিনি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন, উদ্ভিদও বিভিন্ন বাহ্যিক উদ্দীপনায় প্রতিক্রিয়া প্রকাশ করে। আলো, তাপ, রাসায়নিক পদার্থ, আঘাত ও বৈদ্যুতিক উদ্দীপনায় উদ্ভিদের দেহে পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে।

এই গবেষণার জন্য তিনি তৈরি করেন ক্রেস্কোগ্রাফ (Crescograph)। অত্যন্ত সূক্ষ্ম এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি ও অতি ক্ষুদ্র নড়াচড়া পরিমাপ করা সম্ভব হয়।

তাঁর উদ্ভাবিত ও ব্যবহৃত অন্যান্য যন্ত্রের মধ্যে ছিল—

  • কন্ডাক্টিভিটি ব্যালান্স।
  • ট্রান্সপাইরোগ্রাফ।
  • ফটোসিনথেটিক রেকর্ডার।
  • ম্যাগনেটিক ক্রেস্কোগ্রাফ।

তিনি প্রমাণের চেষ্টা করেছিলেন যে জীবজগৎ ও জড়জগতের মধ্যে উদ্দীপনায় সাড়া দেওয়ার কিছু মৌলিক সাদৃশ্য রয়েছে। উদ্ভিদের প্রতিক্রিয়া নিয়ে তাঁর গবেষণা আধুনিক উদ্ভিদ শারীরবিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।

বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা: স্বপ্নের বাস্তবায়ন

বিজ্ঞান গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে জগদীশচন্দ্র ১৯১৭ সালের ৩০ নভেম্বর কলকাতায় প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির (Bose Institute)।

নিজের ৬০তম জন্মদিনে তিনি প্রতিষ্ঠানটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। তাঁর স্বপ্ন ছিল, এটি শুধু একটি গবেষণাগার হবে না; হবে জ্ঞানচর্চা ও বিজ্ঞানসাধনার একটি মন্দির।

তাঁর ভাষায়, প্রতিষ্ঠানটি হবে ‘not merely a laboratory but a temple’।

রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ও সারা বুলসহ বহু বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রেখেছিল।

১৯১৫ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পরও তিনি গবেষণা ও বিজ্ঞানচর্চা অব্যাহত রাখেন। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসু

অবলা বসু: জীবনসঙ্গী ও নারীশিক্ষার অগ্রদূত

১৮৮৭ সালের ২৭ ফেব্রুয়ারি জগদীশচন্দ্র বসুর সঙ্গে অবলা দাসের বিবাহ হয়। অবলা বসু ছিলেন নারীশিক্ষা, সমাজসংস্কার ও নারীকল্যাণ আন্দোলনের অন্যতম অগ্রদূত।

তিনি ব্রাহ্ম সমাজের বিশিষ্ট সমাজসংস্কারক দুর্গামোহন দাসের কন্যা। দুর্গামোহন দাসের পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের টঙ্গিবাড়ী উপজেলার তেলিরবাগ গ্রামে। ফলে জগদীশচন্দ্র ও অবলা বসুর বিবাহের মাধ্যমে বিক্রমপুরের দুটি ঐতিহাসিক পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।

অবলা বসু কলকাতা মেডিক্যাল কলেজে পড়তে চাইলেও সে সময় সেখানে নারীদের ভর্তির সুযোগ ছিল না। পরে সরকারি বৃত্তি নিয়ে মাদ্রাজে চিকিৎসাবিজ্ঞান পড়তে যান। অসুস্থতার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি।

পরবর্তী সময়ে তিনি নারীশিক্ষা ও সমাজকল্যাণে আত্মনিয়োগ করেন। জগদীশচন্দ্রের গবেষণাজীবনে তিনি ছিলেন একান্ত সহযাত্রী।

তাঁদের কোনো জীবিত সন্তান ছিল না। ১৯৫১ সালের ২৫ এপ্রিল অবলা বসু মৃত্যুবরণ করেন।

বিক্রমপুরের সঙ্গে জগদীশচন্দ্র বসুর আত্মিক সম্পর্ক

জগদীশচন্দ্র বসুর জীবনে বিক্রমপুর শুধু পূর্বপুরুষের নিবাস ছিল না; এই জনপদের সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক।

১৯১৫ সালে তিনি বিক্রমপুর সম্মেলনে সভাপতিত্ব করেন। সেই সম্মেলনে তাঁর দেওয়া ভাষণের নাম ছিল ‘বোধন’। ভাষণে তিনি বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, মানবিকতা ও সন্তানদের কর্মগৌরবের কথা তুলে ধরেন।

তাঁর ভাষণে বিক্রমপুরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ পাওয়া যায়। তিনি এই জনপদকে শক্তিমান, মানবিক ও কৃতী সন্তানের জন্মভূমি হিসেবে অভিহিত করেন।

তাঁর বক্তব্যে নিজের শৈশবের শিক্ষা, পিতার আদর্শ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্মৃতিচারণ রয়েছে, তা আজও আমাদের সমাজের জন্য শিক্ষণীয়।

জগদীশচন্দ্রের বাংলা গ্রন্থ ‘অব্যক্ত’-এ ‘বোধন’ শিরোনামে এই বিক্রমপুর সম্মেলনের ভাষণ সংকলিত হয়েছে। বইটির মাধ্যমে বিক্রমপুরের প্রতি তাঁর ভালোবাসা ও জীবনদর্শনের পরিচয় পাওয়া যায়।

১৯১৫ সালের সেই সম্মেলন তাই শুধু একটি সাহিত্য বা সাংস্কৃতিক আয়োজন ছিল না; বিক্রমপুরের ইতিহাসে এটি ছিল এক স্মরণীয় ঘটনা।

জগদীশচন্দ্রের পৈতৃক বাড়ি শ্রীনগর উপজেলার রাঢ়িখালে

পৈতৃক বাড়ি রাঢ়িখাল: স্মৃতির সঙ্গে গবেষণার সম্পর্ক

জগদীশচন্দ্রের পৈতৃক বাড়ি ছিল শ্রীনগর উপজেলার রাঢ়িখালে। তাঁর পিতা ভগবানচন্দ্র বসু আর্থিক সংকটে পড়লে ১৮৮৬ সালে পারিবারিক সম্পত্তি বিক্রি করেন বলে জানা যায়। পরবর্তী সময়ে পরিবারের উত্তরসূরি সতীশ বসুর বংশধররা সেখানে বসবাস করতেন। জগদীশচন্দ্র একবার ঢাকা যাওয়ার পথে গোয়ালন্দ ও ভাগ্যকূল হয়ে রাঢ়িখালের পৈতৃক ভিটায় এসেছিলেন বলেও স্থানীয় স্মৃতিতে প্রচলিত রয়েছে।

সেই সফরে একটি উঁচু তালগাছে তিনি একটি চিহ্ন দিয়েছিলেন বলে স্থানীয়ভাবে কথিত আছে। ১৯৯৮ সালের ঝড়ে গাছটি পড়ে গেলে তার খণ্ডিত অংশ জগদীশ জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে বলে জানা যায়। এগুলো বিক্রমপুরের স্থানীয় ইতিহাসের মূল্যবান উপাদান।

সাহিত্যচর্চা: বাংলা ভাষায় বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রয়াস

বিজ্ঞানী জগদীশচন্দ্রের আরেকটি পরিচয় তিনি ছিলেন একজন সাহিত্যিক। বাংলা ভাষায় বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয়ভাবে প্রকাশের জন্য তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

১৯২১ সালে প্রকাশিত হয় তাঁর বাংলা প্রবন্ধ সংকলন ‘অব্যক্ত’। এটিই বাংলা ভাষায় প্রকাশিত তাঁর একমাত্র গ্রন্থ।

গ্রন্থটিতে বিজ্ঞান, সাহিত্য, বক্তৃতা ও কল্পবিজ্ঞানের নানা বিষয় স্থান পেয়েছে। উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে—

  • গাছের কথা
  • ভাগীরথীর উৎস সন্ধানে
  • পলাতক তুফান
  • অগ্নিপরীক্ষা
  • বোধন
  • হাজির

তাঁর ‘পলাতক তুফান’ বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত ‘নিরুদ্দেশের কাহিনী’ নামে রচিত গল্পটি পরবর্তী সময়ে ‘অব্যক্ত’ গ্রন্থে ‘পলাতক তুফান’ নামে অন্তর্ভুক্ত হয়। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ রচনাগুলোর একটি হিসেবে এটি বিবেচিত।

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর ছিল গভীর বন্ধুত্ব। রবীন্দ্রনাথ তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করেছিলেন। জগদীশচন্দ্র তাঁর Nervous Mechanism in Plants গ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন।

জীবনের শেষ অধ্যায়: গিরিডিতে শেষ নিঃশ্বাস

জীবনের শেষদিকে জগদীশচন্দ্র বসু ভারতের তৎকালীন বিহারের গিরিডিতে অবস্থান করতেন। বর্তমানে গিরিডি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত।

স্বাস্থ্যগত কারণে তিনি জীবনের শেষ সময়ে সেখানে নিরিবিলি পরিবেশে বিশ্রাম ও গবেষণাসংক্রান্ত কাজ করতেন। ১৯৩৭ সালের ২ নভেম্বর তিনি স্ত্রী অবলা বসুকে নিয়ে গিরিডিতে যান।

২৩ নভেম্বর ১৯৩৭, মঙ্গলবার সকালে প্রায় ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুর সময়ও তিনি বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

গিরিডির যে বাড়িতে তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন, সেটি বর্তমানে তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। বাড়িটির নাম শান্তি ভবন (Shanti Bhavan)।

শেষকৃত্য ও সমাধিস্থ স্মৃতি

গিরিডিতে মৃত্যুর পর তাঁর মরদেহ কলকাতায় নিয়ে আসা হয়। ২৪ নভেম্বর তাঁর মরদেহ বসু বিজ্ঞান মন্দিরে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল বলে প্রচলিত জীবনীমূলক বিবরণে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে কলকাতার পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক গ্যাসচালিত শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই শ্মশানটি ব্রাহ্মসমাজের সদস্যদের শেষকৃত্যের জন্যও ব্যবহৃত হতো।

শেষ কর্মস্থল: বসু বিজ্ঞান মন্দির

জগদীশচন্দ্র বসুর শেষ প্রাতিষ্ঠানিক কর্মস্থল ছিল কলকাতার বসু বিজ্ঞান মন্দির। তিনি ১৯১৭ সালে এটি প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন।

অন্যদিকে জীবনের শেষ সময় কাটিয়েছেন গিরিডির শান্তি ভবনে। অর্থাৎ তাঁর শেষ কর্মস্থল ও শেষ অবস্থানের স্থান দুটি আলাদা—এই পার্থক্যটি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

জগদীশচন্দ্র বসুর মৃত্যুর পর গিরিডির বাড়িটি তাঁর স্মৃতিবিজড়িত স্থাপনা ও জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করে।

বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর লোহার সিন্দুক

 বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose) মৃত্যুর দীর্ঘ ৮৯ বছর পর অবশেষে খুলতে চলেছে তাঁর ব্যবহৃত রহস্যময় লোহার সিন্দুক।  

 ২১ নভেম্বর, ২০২৬ তারিখে ভারতের দৈনিক বিশ্ব বাংলা পত্রিকাইয় প্রকাশিত সংবাদ পাঠকের জন্য তুলে ধরলাম  __

“মানবজাতির কল্যাণেই সিন্দুক খোলা জরুরি”, বড় নির্দেশ হাইকোর্টের

(১৮ নভেম্বর একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে ঝাড়খণ্ড হাইকোর্ট এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিজ্ঞানীদের জন্য তো বটেই, সমগ্র মানবজাতির কল্যাণেও এই সিন্দুকটি খুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

 প্রবাদপ্রতিম বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose) মৃত্যুর দীর্ঘ ৮৯ বছর পর অবশেষে খুলতে চলেছে তাঁর ব্যবহৃত রহস্যময় লোহার সিন্দুক। ১৮ নভেম্বর একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High  Court) এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ (Observation), বিজ্ঞানীদের জন্য তো বটেই, সমগ্র মানবজাতির কল্যাণেও এই সিন্দুকটি খুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

 কী রয়েছে ওই সিন্দুকে?

 ঝাড়খণ্ডের গিরিডি জেলার বরগণ্ডা এলাকায় অবস্থিত ‘শান্তি ভবন’(Shanti Bhawan)-এ জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে বাড়িটি একটি সংগ্রহশালা বা মিউজিয়াম (Museum) হিসেবে পরিচিত। জানা গিয়েছে, বিজ্ঞানীর প্রয়াণের পর থেকে দীর্ঘ প্রায় নয় দশক ধরে ওই বাড়ির একটি লোহার সিন্দুক তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে।

 ইতিহাসবিদ, বিজ্ঞানী ও গবেষকদের ধারণা, এই সিন্দুকের ভেতরে আচার্য বসুর অপ্রকাশিত কোনও গবেষণাপত্র, বিজ্ঞানের অমূল্য আবিষ্কারের নথি, বিরল পাণ্ডুলিপি কিংবা ব্যক্তিগত চিঠিপত্র থাকতে পারে। যা বর্তমান সময়ের বিজ্ঞানচর্চাকেও নতুন দিশা দেখাতে পারে।

 আদালতের কড়া পর্যবেক্ষণ ও নির্দেশ:আদালত সহায়তা নিন

 গিরিডিতে জগদীশচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক বাসভবনটির বেহাল দশা নিয়ে সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নজরে আসে ঝাড়খণ্ড হাইকোর্টের। বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় এবং বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ (Division Bench) স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে। শুনানিতে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় উপযুক্ত নজরদারি ও নিরাপত্তার মধ্যে সিন্দুকটি খুলে তার ভেতরে থাকা নথিপত্র ও সামগ্রী খতিয়ে দেখতে হবে। ওই সিন্দুকে থাকা গবেষণার উপকরণ মানবজাতি এবং বিজ্ঞানসমাজকে সমৃদ্ধ করতে পারে।

 পাশাপাশি, জরাজীর্ণ হয়ে পড়া ‘শান্তি ভবন’ তথা রাজ্যের অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের জন্য রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

 এর আগেও প্রশাসনিক স্তরে সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার খোদ হাইকোর্টের হস্তক্ষেপে ৮৯ বছর ধরে তালাবন্ধ থাকা ইতিহাসের পাতা উন্মোচিত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ।)

 সম্মাননা ও স্বীকৃতি

জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জীবদ্দশায় বহু সম্মাননা লাভ করেন।

  • ১৯০৩ সালে Companion of the Order of the Indian Empire (CIE)।
  • ১৯১১ সালে Companion of the Order of the Star of India (CSI)।
  • ১৯১৬ সালে নাইট উপাধি লাভ করে ‘স্যার’ হিসেবে পরিচিত হন।
  • ১৯২০ সালে লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন।
  • ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
  • ১৯২৮ সালে ভিয়েনা একাডেমি অব সায়েন্সের সংশ্লিষ্ট সদস্য নির্বাচিত হন।

২০০৪ সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপেও তিনি উল্লেখযোগ্য স্থান অর্জন করেন।

বিক্রমপুর জাদুঘর-এ বিক্রমপুরের কৃতী ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ গ্যালারি

বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আমাদের অঙ্গীকার

 বিক্রমপুর (বর্তমান মুন্সীগঞ্জ) শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও অসংখ্য মনীষীর জন্মভূমি। এই জনপদের গৌরবময় ইতিহাস ও কৃতী ব্যক্তিত্বদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “বিক্রমপুর জাদুঘর” নিরন্তর গবেষণা ও সংগ্রহের কাজ করে যাচ্ছে।

[[বিক্রমপুর জাদুঘর]]-এ বিক্রমপুরের কৃতী ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর জীবনী বা জীবনবৃত্তান্ত প্রদর্শিত আছে এবং তাঁহার নামে একটি গ্যালারী আছে। এছাড়া বিক্রমপুরের অন্যান্য মনীষীদের পরিচিতি ও অবদান প্রতিনিয়ত সংযোজন করছি।

আমাদের লক্ষ্য—বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ও কৃতী সন্তানদের স্মৃতি সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আপনাকেও “বিক্রমপুর জাদুঘরে” আমন্ত্রণ জানাচ্ছি এক ছাদের নিচে সম্রগ্র বিক্রমপুর কে দেখতে।

বাঙালির গর্ব এবং বিক্রমপুরের গৌরব আচার্য স্যার জগদীশচন্দ্র বসু অমর হয়ে থাকুন ইতিহাসের পাতায়।

বিক্রমপুরের গর্ব, বিশ্ববিজ্ঞানের গৌরব

আচার্য স্যার জগদীশচন্দ্র বসুর জীবন আমাদের শেখায়—মানুষের জন্মস্থান, পারিবারিক ঐতিহ্য ও শৈশবের শিক্ষা তার চিন্তাজগৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ময়মনসিংহে জন্ম, ফরিদপুরে শৈশবের শিক্ষাজীবন, কলকাতা ও কেমব্রিজে উচ্চশিক্ষা, প্রেসিডেন্সি কলেজে গবেষণা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা এবং গিরিডিতে জীবনের শেষ অধ্যায়—এই দীর্ঘ পথচলার শিকড় জড়িয়ে রয়েছে বিক্রমপুরের রাঢ়িখালের সঙ্গে।

১৯১৫ সালে বিক্রমপুর সম্মেলনে তাঁর দেওয়া ভাষণ আজও আমাদের জন্য বিশেষ ঐতিহাসিক সম্পদ। সেই ভাষণে তিনি যে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও প্রকৃতিপ্রেমের কথা বলেছিলেন, তা তাঁর বিজ্ঞানী হয়ে ওঠার পেছনের জীবনদর্শনকে বুঝতে সাহায্য করে।

বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁদের কাছে জগদীশচন্দ্র বসু শুধু একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী নন; তিনি এই জনপদের আত্মপরিচয় ও গৌরবের অন্যতম প্রতীক।

তাঁর পৈতৃক নিবাস রাঢ়িখালকে আরও যথাযথভাবে সংরক্ষণ, জগদীশ জাদুঘরের উন্নয়ন, তাঁর বিক্রমপুর সম্মেলনের ভাষণ ও পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম তুলে ধরা এখন সময়ের দাবি।

জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দিরে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করেছেন ভারতের দিকপাল বহু বিজ্ঞানী। সামনের সারিতে বাঁদিকে মেঘনাদ সাহা, মাঝখানে জগদীশ বসু, পেছনের সারিতে বাঁদিক থেকে দ্বিতীয় সত্যেন্দ্রনাথ বোস।

২৩ নভেম্বর তাঁর ৮৯তম মৃত্যুবার্ষিকীতে বিক্রমপুরের এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।

 

নাছির উদ্দিন আহমেদ জুয়েল

কিউরেটর, [[বিক্রমপুর_জাদুঘর]]

সম্পাদক ও প্রকাশক, বিক্রমপুর খবর।

তারিখ- ২৩-১১-২০২৬

 

নিউজটি শেয়ার করুন .. ..            

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!