প্রকাশিত: শুক্রবার, ৩মে ২০১৯।২০ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশ সময় শুক্রবার সকাল নয়টার দিকে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘ফণী’। এ দিকে ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করবে। যা আজ এবং কাল দুই দিন দেশজুড়ে ফণীর প্রভাব থাকবে। ফণীর প্রভাবে শুক্রবার রাত ও শনিবার সারা দিন বৃষ্টি থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, ফণী উড়িষ্যা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। শুক্রবার বিকালের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে। বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়। সারা রাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যখন ফণী প্রবেশ করবে, তখন এর গতি অর্ধেকে নেমে ৮০-১০০ কিলোমিটার হবে। তিনি জানান, মোংলা, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হচ্ছে। আপাতত এর বেশি বাড়ছে না।
বঙ্গোপসাগরে অবস্থানরত ফণীর বর্তমান অবস্থান ও গতিবিধি দুর্যোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে জানান, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
















































