প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৯ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শ্রদ্ধা, ভালোবাসা আর স্মৃতির স্নিগ্ধতায় বিদায় জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানমকে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এই মহীয়সী নারীকে শেষশ্রদ্ধা জানাতে।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহফুজা খানমকে গার্ড অব অনার প্রদান করা হয়। ফুলেল শ্রদ্ধায় তাঁকে স্মরণ করে খেলাঘর, ছাত্র ইউনিয়ন, এশিয়াটিক সোসাইটিসহ তাঁর স্মৃতিবিজড়িত অসংখ্য সংগঠন।
রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক কর্মীরাও এসেছিলেন তাঁকে শ্রদ্ধা জানাতে।
তাঁর সহযোদ্ধারা বলেন, মাহফুজা খানম তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে বেঁচে থাকবেন। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলনে সামনের সারিতে থাকা এই নির্ভীক নারী সব শ্রেণির মানুষের আশ্রয়স্থল ছিলেন।
তাঁর অবদানের কথা স্মরণ করে ছেলে মাহবুব শফিক বলেন, ‘মা সব সময় আমার বাবাকে এবং আমাদের ভাই-বোনদের এগিয়ে দিয়েছেন।
মায়ের সহযোগিতা ছাড়া বাবা আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন না। আমরা ভাই-বোনরা ডাক্তার, ব্যারিস্টার হতে পেরেছি মায়ের কারণেই।’
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না গভীর শ্রদ্ধা ও বেদনায় বলেন, ‘মাহফুজা আপা ছিলেন এক মহীরুহ। তাঁকে নিয়ে কিছু বলা সত্যিই কঠিন।
তিনি আমাকে মায়ের মতো, বড় বোনের মতো স্নেহ করতেন।’
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাসদের নেতা ডা. মুশতাক হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় তাঁর কাছে পরামর্শ নিতে যেতাম। তিনি যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন, প্রতিটি প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’
শহীদ মিনার থেকে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনের সামনে। সেখানে ডাকসুর সাবেক নেতারা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মীরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে মাহফুজা খানমকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের কনকসারে অবস্থিত বঙ্গীয় গ্রন্থ জাদুঘর এর তিনি জাতীয় কমিটির সম্মানিত সদস্য ছিলেন। বঙ্গীয় গ্রন্থ জাদুঘর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com













































