খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা

0
0
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা

প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১০ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক :হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্পেশাল কেয়ারে’ রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। শারীরিক অবস্থা অনুকূল হলে খালেদা জিয়াকে বিদেশেও নেয়া হতে পারে।

সাবেক এ প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) দেয়ার সুযোগ তৈরি হলো।

এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা সর্মথিত তত্ত্বাবধায়ক সরকার।

জানা গেছে, এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা কয়েক দিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন। তবে এসএসএফ দায়িত্ব নিলে সে সুযোগ আর থাকবে না।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশী-বিদেশী চিকিৎসকদের যুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সব চিকিৎসককে যুক্ত রেখেই তার চিকিৎসা চালানো হচ্ছে। আল্লাহর কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এ দোয়া করছি যে তিনি যেন তাকে (খালেদা জিয়া) সুস্থ করে আবার আমাদের মাঝে পাঠিয়ে দেন।’

চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এরই মধ্যে ঢাকায় এসেছে। গতকালই তারা এভারকেয়ার হাসপাতালে যান। চীনা চিকিৎসকরা কিছু যন্ত্রপাতিও নিয়ে এসেছিলেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানান। বিএনপি নেতারা বলছেন, চীন ও সিঙ্গাপুর থেকেও আজ কয়েকজন চিকিৎসক আসার কথা রয়েছে। এমনকি খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স দিতে সম্মত হয়েছে চীন। চিকিৎসক দলটি তাকে চীনে নেয়ারও প্রস্তাব দিয়েছে। সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক গতকাল এভারকেয়ার হাসপাতালে যান।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার না করার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে অনুরোধ করা হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে গত রোববার থেকে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন। বেসরকারি হাসপাতালটির বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশী-বিদেশী চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে গতকাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন